মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সংস্থার চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ২০২২ সালের মতো এবারও মেলার পরিবেশে আয়কর রিটার্নের সব সেবা দেওয়া হবে।
.png)
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আয়কর সেবা মাসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেম চালু থাকবে। এরই মধ্যে শূন্য করদাতা অনলাইন সিস্টেমে রেজিস্টেশন করাসহ রিটার্ন তৈরি ও রিটার্ন দাখিল করতে পারছেন। শূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে প্রাপ্তি স্বীকার এবং সমন- দুটোই পাওয়া যাবে। এ জন্য কর অঞ্চলে যাওয়া লাগবে না। কর সেবা কেন্দ্রেই এ সব সেবা দেওয়া হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ১৪৯টি সার্কেলে ৩০ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে।
আয়কর সেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিস্ট্রেশন করা ও প্রয়োজনীয় তথ্য প্রদানসহ নতুন করদাতাগণ ই-টিআইএন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতাগণ রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। ই-টিআইএন সিস্টেমের মাধ্যমে সব কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। এ সেবা পাওয়া যাবে কর সেবা কেন্দ্রে।
ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। কেন্দ্রীয়ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.nbr.gov.bd) আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত আছে। কর সেবাকেন্দ্রে এসব সুবিধা মিলবে।
সংবাদ সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।