যে কারণে থাকছে না ঢাবির ‘ঘ’ ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে থাকছে না ‘ঘ’ ইউনিট। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তন ‘ঘ’ ইউনিট ঘিরে এই সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। কিন্তু কেনই বা এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সে বিষয়ে বলছেন ভিসি ড. মো আখতারুজ্জামান।
তিনি জানালেন, ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তাই সিদ্ধান্ত অনুযায়ী থাকছে না ‘ঘ’ ইউনিট। এতে করে শিক্ষার্থীরা পরীক্ষার বোঝা এবং ভোগান্তি থেকে রেহাই পাবে।
এরআগে সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্ত মূলত নেয়া হয়েছিলো ২০২০ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত ডিনস কমিটির সভায়।
.png)
ডিনস কমিটির সেই সভা শেষে উপাচার্য ভর্তি কমিটির সোমবারের সভায় সেই নীতি ও কৌশল বের করার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাবকমিটি করা হয়েছে।
‘ঘ’ ইউনিটের মাধ্যমে মূলত শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগের বিষয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পান। এ অবস্থায় নিজের ইউনিটের পাশাপাশি ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দেয়ার মাধ্যমে দুইবার চেষ্টার সুযোগটি হারাবে শিক্ষার্থীরা।
যে কারণে থাকছে না ‘ঘ’ ইউনিট: নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের ডিন জানান, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের চাপ কমাতেই মূলত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিকে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা হয় মূলত তিনটি বিভাগে। সেগুলো মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা। এই তিনটি গ্রুপকে বিবেচনায় নিয়ে যদি ভর্তি পরীক্ষার নীতিমালা অনুসরণ করা হয় তাহলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার চাপ ও পরীক্ষার সংখ্যা কমবে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে নির্ভরতা বাড়বে, কোচিং কোচিং নির্ভরতা অনেকাংশে কমবে।
যেসব ইউনিটে ঢাবিতে ভর্তি: ঢাবিতে মূলত পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। সেগুলো হলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘ক’ ইউনিট, মানবিক বিভাগের ‘খ’, ব্যবসায় শিক্ষা বিভাগের ‘গ’, চারুকলার বিষয়গুলোর জন্য ‘চ’ এবং বিভাগ পরিবর্তনের জন্য ‘ঘ’ ইউনিট।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ভর্তি পরীক্ষায় আমাদের উচ্চমাধ্যমিকের কারিকুলাম মেনে চলা উচিৎ। ঢাবিতে ‘ঘ’ ছাড়া সবই বিষয়ভিত্তিক ইউনিট। শুধুমাত্র এই ‘ঘ’ ইউনিটে পরীক্ষা হয় সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে। এ পদ্ধতিতে পরীক্ষা একেবারেই অযৌক্তিক।
তিনি বলেন, ঢাবিতে মাইগ্রেশন সিস্টেম আছে। তাই ‘ক’ বা ‘গ’ ইউনিটে পরীক্ষা দিয়েও অন্য বিভাগে শিক্ষার্থীরা যেতে পারবে। সুতরাং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা না থাকলে শিক্ষার্থীদের পরীক্ষার ভোগান্তি কমবে।