রাবির প্রত্যেক বাসে পাঁচটি সিট পাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিটি বাসেই প্রতিবন্ধীদের জন্য পাঁচটি করে আসন সংরক্ষিত থাকবে।
মঙ্গলবার এই সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসসমূহে প্রতিবন্ধীদের জন্য পাঁচটি করে বিশেষ প্রতীক দিয়ে চিহ্নিত আসন সংরক্ষণ করা হচ্ছে।
উদ্বোধনীতে অন্যদের মধ্যে প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পরিবহন প্রশাসক মোকছিদুল হক, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসসহ ফিজিক্যাললি চ্যালেঞ্জড ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫০৯তম সিন্ডিকেট সভায় এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সিদ্ধান্ত সূত্রে একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্যান্য ভবনের মূল প্রবেশপথে সিড়ির একপাশে র্যাম্প প্রস্তুত করা; আবাসিক হলসমূহের নিচতলায় ১ম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘণ্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করা ও শ্রুতিলেখক নিয়োগ সহজীকরণ করাও হচ্ছে।