ছাত্রাবাসে গোখরা সাপ ধরলেন রাবি শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে খৈয়া গোখরা সাপ ধরেছেন এক শিক্ষার্থী। পরে সাপটিকে লোকালয় থেকে অনেক দূরে অবমুক্ত করা হয়েছে। সাপটি রেসকিউ করেছেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন রাবি উইং ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও রেসকিউয়ার মিজানুর রহমান তাসিব।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
মিজানুর রহমান জানান, গতকাল রাত প্রায় ১২টার দিকে মেহেরচন্ডীর একটি ছাত্রাবাস থেকে সাপ উদ্ধারের জন্য ফোন কল পাই। ছাত্রাবাসের একটি পরিত্যক্ত রুমে সাপটি ঢুকে ছিলো। পরে সাপটি উদ্ধার করে লোকালয় থেকে অনেক দূরে অবমুক্ত করি। এই কাজে সহযোগিতা করেছে ডীপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের রাবি উইংয়ের কর্মী আহসান জামান।
.png)
তাসিব বলেন, ধারণা করছি প্রচন্ড গরমে সাপটি ওখানে আশ্রয় নিয়েছিলো। তাছাড়া রুমের ভেতরে সাপ থাকার জন্য ভালো পরিবেশ ছিলো। প্রত্যেকটা প্রাণীই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই তাদের না মেরে যথাস্থানে ছেড়ে দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি। তাই কেউ সাপ দেখলে না মেরে আমাকে জানালে উদ্ধার করবো। তাই আতঙ্কিত না হয়ে আমাকে ফোন করবেন। উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেয়া হবে। আর সাপে কাটলে কোনো ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব জেলা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে হবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান তাসিব। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক ভবন, হল বা লোকালয়ে সাপ ঢুকে গেলে তা উদ্ধারের কাজ করেন। ক্যাম্পাসের কোথাও সাপ দেখা গেলেই ডাক পড়ে তাসিবের। গত গরমের মৌসুমে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৫টি সাপ উদ্ধার করেছেন।
খৈয়া গোখরা
দেশের পরিচিত সাপগুলোর মধ্যে অন্যতম। এরা মারাত্মক বিষধর। ইংরেজি নাম Binocellate বা Spectacled Cobra, বৈজ্ঞানিক নাম Naja naja cwievi Elapidae. এদের গায়ের রং বাদামি কিংবা কালচে বাদামি ও শরীর মসৃণ আঁশে আবৃত। খৈয়া গোখরার ফণার ওপরে চশমা আকৃতির ছোপ আছে। এরা লম্বায় ১০০ থেকে ২২০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের সব অঞ্চলেই এদের দেখা যায়। খৈয়া গোখরা স্বল্প আলোর শুকনো জায়গা পছন্দ করে। সাধারণত এরা মানুষের বসতবাড়ির আশপাশে, পুরানো দালান, গুহা, চাষের জমি, বন ও পাহাড়ি অঞ্চলে বসবাস করে।