তারুণ্যের ভাবনায় একুশ ও বাংলা
১৯৫২’র ২১ ফেব্রুয়ারি, মাতৃভাষার মর্যাদা রক্ষায় রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন বাংলার দামাল ছেলেরা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা বাংলা। সেজন্য আজ প্রাণ খুলে আবেগ-অনুভূতি প্রকাশ করতে পারি বাংলায়।
ভাষার মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন তারুণ্যের ভাবনা তুলে ধরেছেন ডেইলি বাংলাদেশের রাবি প্রতিনিধি আশিক ইসলাম।
বিভিন্ন ভাষার সংমিশ্রণে স্বকীয়তা হারাচ্ছে বাংলা
রকিবুল হক
ফাইন্যান্স বিভাগ
.png)
ভাষা শব্দটি আক্ষরিক অর্থে ছোট শব্দ হলেও দেশের প্রেক্ষাপটে এর তাৎপর্য ব্যাপক। বাংলা শুধু ভাষাই নয়, এর মধ্যে জড়িয়ে আছে আবেগ, অনুভূতি, সংগ্রাম, ত্যাগ, ইতিহাস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার হলেও এখনও মাতৃভাষার সঠিকচর্চা করতে পারিনি।
বাংলার সঙ্গে বিদেশি ভাষার (ইংরেজি, হিন্দি) সংমিশ্রণে বাংলা ভাষার নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে। বাংলা ভাষা এমন একটা মাধ্যম যার মাধ্যমে বাঙালি নিজের চিন্তা-ভাবনা, বিশ্লেষণী শক্তি প্রকাশের সুযোগ পায়। আত্মপ্রকাশের যথার্থ স্বাচ্ছন্দ্যও আছে মাতৃভাষায়।
নিজ মাতৃভূমিতে অবহেলিত বাংলা ভাষা
আলফি শারিন আরিয়ানা
সমাজকর্ম বিভাগ
বাঙালির মনে স্বাধীনতার বীজ বুনেছিল বায়ান্নর ভাষা আন্দোলন। সেই বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে সম্মান পেলেও অবহেলিত নিজ মাতৃভূমিতে। আন্তর্জাতিক বিশ্বে টিকে থাকার জন্য অবশ্যই নিজের মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। তবে সেটা নিজ ভাষাকে তুচ্ছ করে নয়। যে তারুণ্যের হাত ধরে বাঙালি পেয়েছে মায়ের ভাষা বাংলা। আজকাল সেই তরুণ সমাজই বেশি অবমাননা করছে মাতৃভাষাকে।
বাংলা ভাষা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক
খাদিজা আকন্দ কুয়াশা
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ
শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চায় বাঙালির কাছে জনপ্রিয় বাংলা ভাষা। সাহিত্যচর্চায় প্রতিনিয়ত বাংলা ভাষার সমৃদ্ধি হচ্ছে। পরিমার্জিত হচ্ছে আপন শব্দকোষ। বায়ান্ন ও একাত্তরে আমাদের মধ্যে যে চেতনা কাজ করেছিল আজ তার সিকি ভাগও নেই। বিশ্বায়নের ক্ষেত্রে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে সেভাবে এগিয়ে যাচ্ছি না। আমাদের এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক পৃথিবীর সর্বত্র।
আঞ্চলিক ভাষা বিলিন হচ্ছে
কাজী মোজাদ্দেদী আলফে সানী
চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ
পৃথিবীতে একমাত্র বাঙালি জাতির রয়েছে ভাষার জন্য সংগ্রামের ইতিহাস। মাতৃভাষাকে রক্ষার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন তারা। রক্তের বিনিময়ে অর্জিত ভাষা আজ সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে। নিজেদের বাংলা ভাষাকে চর্চা না করে অন্য ভাষার ব্যবহারের মাধ্যমে নিজেদের আধুনিক বলে দাবি করছি। যতই দিন যাচ্ছে নিজস্ব আঞ্চলিক বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে প্রকৃত আঞ্চলিক বাংলা ভাষাকে বিলিন করে দিচ্ছি।
দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস
তামজিদ হোসেন হৃদয়
পরিসংখ্যান বিভাগ
ফেব্রুয়ারি বাঙালি জাতির কাছে ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই তো বাঙালি জাতি নানা আয়োজনের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে ভালোবাসা জানায় ভাষা শহিদদের প্রতি। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা মায়ের ভাষায় খুবই সহজে কথা বলতে পারছি। নিজেদের আবেগ, অনুভূতি, ভালোবাসা মন খুলে প্রকাশ করতে পারছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই অর্জন, তারা আজীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।
মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন জরুরি
তানজিলা খাতুন
আরবী বিভাগ
ভাষার জন্য বাঙালি জাতি জীবন দিয়েছে। এমন নজির পৃথিবীতে আর নেই। যার কারণে বিশ্বের প্রতিটি দেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তারা যদি আমাদের মাতৃভাষাকে স্মরণ করতে পারে, তাহলে কেন আমরা বাঙালি হয়ে মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করব না? আমাদের ভাষার যে অতীত ইতিহাস রয়েছে সেটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। প্রতিটি নাগরিকের উচিত মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করা এবং নিজের মাতৃভাষাকে আরো সমৃদ্ধি করা।