গুচ্ছ ভর্তি: কেন্দ্র পছন্দে শীর্ষে জবি
দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সর্বমোট ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে ৩ লাখের বেশি শিক্ষার্থী। আবেদনের সময় শেষ হয়েছে ৩০ এপ্রিল রাত ১১.৫৯ মিনিটে। শিক্ষার্থীদের পছন্দের পরীক্ষার কেন্দ্র হিসেবে শীর্ষস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
মঙ্গলবার (২ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘আবেদনকারীদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্র হিসেবে পছন্দ করেছেন ৯৩ হাজার ৫২২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৬ হাজার ৫৩৬ জন, ‘বি’ ইউনিটে ২১ হাজার ৬৫ জন, ‘সি’ ইউনিটে ১৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবে।’
এদিকে গুচ্ছ ভর্তিতে প্রাথমিক আবেদনের সময় আর বাড়ানো হবে না বলে ভর্তি কমিটির একাধিক সদস্য জানিয়েছেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, ‘প্রাথমিক আবেদনের সময় শেষ হয়েছে। এখন আর নতুন করে আবেদনের সময় বাড়ানো হবে না। এখন আমরা পরবর্তী ধাপের কাজ শুরু করব।’
আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৮ জুনের মধ্যে।
২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ঠিক করা হয়েছে। তন্মধ্যে শিক্ষার্থীদের যেকোনো একটি কেন্দ্র নির্বাচন করতে হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। সময়ক্ষেপণ রোধে এবার একটি মেধাতালিকা ও আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ তিনটি অপেক্ষমাণ তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার সব তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।