জানা গেল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময়
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জাতীয় নির্বাচনের আগেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। আগামী সেপ্টেম্বরে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
সোমবার (১৪ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. ফরিদ আহাম্মদ।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি তিন ধাপের পরীক্ষা শেষ নাও করা যায়, অন্তত প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষাটা নিতে চাই। এ লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। শিগগিরই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। নিয়োগ পরীক্ষার বিষয়ে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়, বুয়েটসহ অন্যদের সঙ্গে আলোচনা হয়েছে।
.png)
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। প্রথম ধাপে আবেদন জমা পড়ে তিন লাখ ৬০ হাজার ৭০০টি।
দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে চার লাখ ৩৯ হাজার ৪৩৮টি।
১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ ধাপে আবেদন শেষ হয় গত ৮ জুলাই। তৃতীয় ধাপে আবেদন জমা পড়েছে তিন লাখ ৪০ হাজারের কিছু বেশি।