নতুন বই উপজেলা পর্যায়ে পৌঁছাবে নভেম্বরে: গণশিক্ষা সচিব
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, শিক্ষার্থীদের মাঝে নতুন বই পৌঁছে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ। নতুন বছরের প্রথমদিন সব শিশু বই পাবে। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যেই নতুন বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।
বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে ইউএস এআইডি’র সবাই মিলে শিখি প্রকল্পের ২য় বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
গণশিক্ষা সচিব বলেন, ২০২৪ সালে নতুন বছরে ২য় ও ৩য় শ্রেণির পাঠ্যবই পরিমার্জিত পাঠ্যক্রম অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। পরবর্তী বছর ৪র্থ ও পঞ্চম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রণয়ন হবে।
তিনি আরো বলেন, সবাই মিলে শিখির মূল কথা হলো কেউ বাদ যাবে না, পিছিয়ে পড়বে না। সবাই সমান সুযোগ পাবে, সম্মিলিত প্রয়াসে নিরন্তর এগিয়ে যাবে। শিশুদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলার কর্মপরিকল্পনা সাজাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, ইউএস এআইডি’র পরিচালক এনডুরু হল্যান্ড, সনজাল রেনলড কুপার, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মনীষ চাকমা প্রমুখ।