এ প্রসঙ্গে শুক্রবার এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, প্রক্রিয়া প্রায় শেষ। আশা করছি আগামী সপ্তাহে যেকোনো দিন চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে পারব।
তিনি আরো বলেন, আইনি জটিলতা নিয়ে আইন মন্ত্রণালয়ের ইতিবাচক সাড়া পেয়েছি। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। আগামী রোববার আমরা অনুমতি চাইব। অনুমতি দিলেই যেকোনো দিন ফল প্রকাশ করা যাবে।
.png)
এদিকে সংশ্লিষ্টরা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকট দূর করতে ২০২২ সালে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩২ হাজার প্রার্থীকে নিয়োগের উদ্যোগ নেয়া হয়। তবে সনদ যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের মেয়াদ দফায় দফায় বাড়ানোয় চূড়ান্ত সুপারিশ প্রক্রিয়ায় ধীরগতি শুরু হয়। এর মধ্যে একজন শিক্ষার্থী আদালতে রিট করলে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশে নতুন সংকট তৈরি হয়।
তবে সব জটিলতা কাটিয়ে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত সুপারিশের অনুমতির জন্য যাবে এনটিআরসিএ।