ফোনে কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকে করোনাভাইরাস, সাবধান থাকুন!
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিন চীনে মানুষ মারা যাচ্ছে। এ পর্যন্ত বিশ্বের অন্তত ৬০টি দেশে থাবা বসিয়েছে করোনাভাইরাস। হানা দিয়েছে ভারতেও।
তবে এখনো অনেকেই জানেন না করোনাভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে ও সংক্রমণ এড়িয়ে চলতে কী করা উচিত! বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মতো সংস্থাও একচেটিয়ে বিশ্ববাসীকে সচেতন করে চলছে।
ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডাব্লিউইএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানেই জানানো হয়েছে করোনাভাইরাসের সংস্পর্শে আসলে মোবাইল ফোনটিও জীবাণু বহন করবে। আর এতে অন্তত চার দিন পর্যন্ত ভাইরাসটি বেঁচে থাকবে। এজন্য ব্যক্তিগতভাবে শুধু পরিষ্কার থাকলেই হবে না মোবাইল ফোনটিও পরিষ্কার রাখতে হবে।
প্লাস্টিক বা স্টেনলেস স্টিলের সামগ্রীতে করোনাভাইরাস কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকে। এমনটিই জানিয়েছে ডাব্লিউইএফ। তাই ফোন পরিষ্কারের পাশাপাশি নিয়মিত ভালো করে হাত ধুতে হবে। এছাড়াও ডাব্লিউইএফ এর ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে ফোনের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়তে পারে। এর থেকে বাঁচতে আর কী করতে হবে, তাও জানানো হয়েছে এই ভিডিওতে-
> হাঁচি বা কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
> সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে ঘষে হাত ধুতে হবে।
> হাত দিয়ে কখনো চোখ, মুখ, নাক ধরা যাবে না। যদি এসব স্থানে হাত দিতেই হয় তবে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে।
> হাঁচি বা কাশিতে আক্রান্ত এমন লোকজন থেকে দূরে থাকতে হবে।
> জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিত্সকের পরামর্শ নিন।