রাশিয়ার প্রস্তাবে রাজি ইউক্রেন, তবে বেলারুশে নয়
রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রোববার ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার পাঠানো প্রতিনিধিদের একটি দল বেলারুশে পৌঁছেছে বলে জানিয়েছে মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আলোচনার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেছেন, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা বন্ধ করে তবে মিনস্কে আলোচনা সম্ভব হতে পারে। এছাড়া এই সংকটের সমাধানে অন্যান্য স্থানে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, আপনার ভূখণ্ড থেকে যদি কোনো আগ্রাসী পদক্ষেপ না নেয়া হয়, তাহলে আমরা মিনস্কে কথা বলতে পারি, অন্যান্য শহর আলোচনার স্থান হিসাবে ব্যবহার করা যেতে পারে।
.png)
তিনি বলেন, আমরা অবশ্যই শান্তি চাই। আমরা সাক্ষাৎ করতে চাই। আমরা যুদ্ধ শেষ করতে চাই। আমরা আলোচনার স্থান হিসেবে ওয়ারশ, ব্রাতিসলাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকুর নাম প্রস্তাব করেছি।
আরো পড়ুন: ইউক্রেনে রুশ সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা পুতিনের
ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অন্য এমন একটি দেশের যে কোনো শহর আমাদের জন্য যথাযথ হবে; যাদের ভূখণ্ড থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। সৎ আলোচনার জন্য এটিই একমাত্র উপায় এবং সত্যিই যুদ্ধের অবসান ঘটাতে পারে।
এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, কোনো ধরনের আল্টিমেটাম ছাড়াই সামরিক আগ্রাসনের ব্যাপারে রাশিয়ার সঙ্গে প্রকৃত আলোচনা চায় ইউক্রেন। আলোচনার জন্য বেলারুশে মস্কোর প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত এক ধরনের প্রোপাগান্ডা।
এর আগে, ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার একটি প্রতিনিধি দল প্রতিবেশী বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে এবং সেখানে তারা ইউক্রেনের প্রতিনিধিদের জন্য অপেক্ষা করছে। এ ব্যাপারে মিখাইলো পোডোলিয়াক বলেন, রুশ প্রতিনিধিরা গোমেলে পৌঁছেছে, এটি একেবারে অর্থহীন। এখন তারা বলছে, আমরা অপেক্ষা করছি।