ইউক্রেনে অভিযান ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে এতে পুতিনের আগ্রাসন ঠেকানো যায়নি। শুধু সরকারই নয়, কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্সসহ পশ্চিমের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।
এবার লাগাতার নিষেধাজ্ঞার তালিকায় নতুন সংযোজন রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি বন্ধ। বুধবার হোয়াইট হাইস থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াকিবহাল মহলের মতে, এই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিতই ছিল। বুধবার তার আনুষ্ঠানিক ঘোষণা হলো মাত্র।
.png)
আরো পড়ুন: ফের মানবিক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
বাইডেন নিষেধাজ্ঞার ঘোষণার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে পুতিনের উদ্দেশে বলেছেন, পুতিন কোনো একটি শহর দখল করতেই পারেন। কিন্তু গোটা ইউক্রেনে কোনো দিনই প্রভাব বিস্তার করতে পারবেন না। কারণ ইউক্রেনে স্বাধীনচেতাদের বাস। আর এই আগ্রাসনের কী বিপুল মূল্য যে পুতিনকে চোকাতে হবে, তা তারা ভাবতেও পারছেন না।
প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।
জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০ লাখ বাসিন্দা ইউক্রেন ছাড়ছেন কিংবা ছাড়ার আশায় সীমান্তে অপেক্ষায় রয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখেনি ইউরোপ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা