ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের উইঘুর মুসলিমদের নির্যাতন বিষয়ে তথ্য চায় ৪৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ১৫ জুন ২০২২
চীনের উইঘুর মুসলিমদের নির্যাতন বিষয়ে তথ্য চায় ৪৭ দেশ
ছবি: সংগৃহীত

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানিসহ ৪৭টি দেশ। নির্যাতন নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশে জাতিসংঘ ঢিলেমি করছে বলেও জানায় তারা।

মঙ্গলবার (১৪ জুন) এক যৌথ বিবৃতিতে চীনের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আরো গভীরভাবে বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। এদিকে, ৪৭ দেশের এমন বিবৃতির তীব্র নিন্দা জানিয়ে চীনকে অস্থিতিশীল করতে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে বেইজিং।

বহুদিন ধরেই চীনের বিরুদ্ধে দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে বসবাসরত সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ করে আসছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা। এমনকি বিভিন্ন সময় নিপীড়নের নানা তথ্যপ্রমাণও সামনে উঠে আসে। সংখ্যালঘু এই সম্প্রদায়ের ওপর নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে এবার একযোগে উদ্বেগ জানাল বিশ্বের ৪৭টি দেশ।

Advertisement

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এক যৌথ বিবৃতিতে দেশগুলোর প্রতিনিধিরা জানান, চীন জিনজিয়াংয়ে অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুকে অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছে। এ ছাড়া বেইজিংয়ের বিরুদ্ধে তাদের ওপর অমানবিক আচরণ, শাস্তি প্রদান, জোরপূর্বক বন্ধ্যত্বকরণ এবং শিশুদের বাবা-মায়ের কাছ থেকে আলাদা করার তথ্যপ্রমাণও রয়েছে। চীন প্রদেশটিতে বিভিন্ন ক্যাম্প থাকার কথা স্বীকার করলেও সেগুলোতে উইঘুর সম্প্রদায়ের মানুষকে নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয় বলে বারবার দাবি করে আসছে।

আরো পড়ুন>> ৩৮ লাখ টাকা ভর্তি এটিএম উপড়ে নিয়ে গেল চোরেরা!

নির্যাতন-নিপীড়নের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশে জাতিসংঘ অনেক দেরি করায় এ নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ ৪৭ দেশ। বিবৃতিতে, চীনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ জিনজিয়াংয়ের পুরো পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়। সে ক্ষেত্রে জাতিসংঘের তদন্তকারী ও বিশেষজ্ঞদের সেখানে অবাধে প্রবেশের সুযোগ দেয়ার পাশাপাশি তাদের সহায়তায় চীনের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, ৪৭ দেশের নানা অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং। তাদের বিবৃতিকে উদ্ভট উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, তাদের দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতেই এ ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!