ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ১ জুলাই ২০২২
ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭
ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।

শুক্রবার (১ জুলাই) ভোরের দিকে তিনটি ভবনে এ হামলার ঘটনা ঘটে। দেশটির আঞ্চলিক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা

জাতিসংঘের উদ্যোগে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য বের করার মানবিক করিডোরের জন্য ‘শুভেচ্ছার নিদর্শন হিসেবে’ রাশিয়া স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করার একদিন পরই এ হামলা চালানো হলো।

Advertisement

এদিকে ইউক্রেনের দাবি, তারা গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রুশ বাহিনীকে স্নেক আইল্যান্ড থেকে বিতাড়িত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘কৌশলগত এ জয়কে’ স্বাগত জানিয়েছেন।

এদিকে লুহানস্কের পূর্ণাঙ্গ দখল নেয়ার পর্যায়ে থাকা রুশ বাহিনী সেখানকার শেষ বাধা লিসিচ্যাংস্কের ওপর অবিরাম গোলাবর্ষণ করে যাচ্ছে, তারপরও শহরটিতে থাকা ইউক্রেনীয় বাহিনীগুলো নিজেদের অবস্থান ধরে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আরো পড়ুন>> শ্বশুরবাড়িতে লটারি জিতে কোটি টাকা পেলেন ২ জামাই

ইউক্রেনের টেলিভিশনে আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, রাশিয়ার গোলন্দাজ বাহিনী বিভিন্ন দিক থেকে গোলাবর্ষণ করে চলছে আর তাদের সেনাবাহিনী বেশ কয়েকটি পাশ দিয়ে এগিয়ে আসছে।

কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র লড়াইয়ের পর রাশিয়ার বাহিনীগুলো গত সপ্তাহে সিভারস্কি দোনেছ নদীর অপর তীরের শহর সিয়েভিয়ারোদোনেৎস্ক দখল করে নেয়, তারপর থেকে লিসিচ্যাংস্ককে ঘিরে ফেলার চেষ্টা করছে তারা।

রাশিয়া ইউক্রেনে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযানের’ যে ক’টি লক্ষ্য ঠিক করেছিল, তার একটি হচ্ছে দনবাসের ওপর মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। লুহানস্ক আর এর প্রতিবেশী দোনেৎস্ক প্রদেশ মিলিতভাবে দনবাস নামে পরিচিত। লিসিচ্যাংস্কের পতন হলে পুরো লুহানস্কের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!