ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হবু বউ ফেল করতে পারে জেনে স্কুলে আগুন লাগাল বর
হবু বউ পরীক্ষায় ফেল করতে পারে, এমন আশঙ্কায় এক যুবক স্কুলে আগুন দিয়েছে। পরে ঐ যুবককে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
মিশরের এক যুবকের বিরুদ্ধে স্কুলে আগুন লাগিয়ে দেওয়ার এ অভিযোগ উঠেছে। শনিবার পুলিশের বরাত দিয়ে মিশরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, এ বছরের পরীক্ষায় তার নববধূ পাস নাও করতে পারেন। এ তথ্য জানার পরপরই ২১ বছর বয়সী ঐ যুবক স্কুলের কন্ট্রোল রুমে আগুন লাগিয়ে দেন। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।
ঘারবিয়া গভর্নরেট পুলিশ জানায়, ঐ যুবককে চার দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। মিশরের প্রসিকিউটর জেনারেল জানায়, মিশরের রাজধানী কায়রোর উত্তরে মেনোফিয়া প্রদেশ থেকে তাকে আটক করা হয়েছে।
আটকের পর প্রাথমিকভাবে ঐ যুবক স্বীকার করেছেন যে তার বিয়ে স্থগিত করতে হবে কারণ তার বাগদত্তাকে সম্ভবত এ বছর তার পরীক্ষায় ফেল করার কারণে আরও একবছর পর পরীক্ষা দিতে হবে। ফলে তার একাডেমিক শিক্ষার আরও একবছর নষ্ট হবে।
ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও স্কুলের অধ্যক্ষের কার্যালয় ও কেন্দ্রীয় প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসিকিউশনের বিবৃতি অনুযায়ী, কিছু শিক্ষার্থীর নথিও নষ্ট হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যান ঐ যুবক। পরে তাকে আটক করে পুলিশ।