উইঘুরদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্টের (ইউএইচআরপি) তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে উইঘুর নারীদের অন্য গোত্রে বিয়ে করতে জোর করা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে এটি অনেকাংশে বেড়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম, নীতি, নথি, সরকারি কাগজ ও উইঘুর নারীদের তথ্য যাছাই-বাঁছাই করে এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি।
.png)
‘উইঘুর নারীদের জোরপূর্বক বিবাহ: পূর্ব তুর্কিস্তানে আন্তঃজাতি বিবাহে সরকারি নীতি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব তুর্কিস্তানের হান পুরুষদের সঙ্গে উইঘুর নারীদের জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্তে দেখা গেছে, চীনের সরকার প্রত্যক্ষভাবে উইঘুর নারীদের হান চাইনিজ পুরুষদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দিয়ে তাদের সঙ্গে আত্মীকরণে বাধ্য করছে।
ইউএইচআরপির প্রধান নির্বাহী ওমর কানাত বলেন, এ প্রতিবেদনের মাধ্যমে আরেকটি লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয় সামনে আসলো। এ সহিংসতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থা নেয়া উচিত।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরো জানায়, উইঘুর নারীদের সঙ্গে যা করা হচ্ছে তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব সহিংসতা থামাতে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানান তারা।