উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ায় ক্ষেপে গেল যুক্তরাষ্ট্র-জাপান
উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালানোয় ক্ষেপে উঠলো মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। এরইমধ্যে জাপান সাগরের আকাশসীমায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে দেশ দুটি।
শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় এ যৌথ মহড়া শুরু হয়েছে।
জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের ছোড়া আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডো দ্বীপের পশ্চিমে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) জলসীমায় অবতরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয় ওয়াশিংটন ও টোকিও।
.png)
জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি সাগরের আঞ্চলিক জলসীমার জাপান উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা জয়েন্ট স্টাফ বিবৃতিতে বলা হয়েছে, জাপানের আত্ম-প্রতিরক্ষা বাহিনী ও মার্কিন সশস্ত্র বাহিনী দ্বিপাক্ষিক মহড়া পরিচালনা করেছে... জাপানের চারপাশে ক্রমবর্ধমান তীব্র নিরাপত্তা পরিবেশের মাঝে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার আইসিবিএম-ধাঁচের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নামার পর কৌশলগত আকাশ প্রতিরক্ষা মহড়া চালানো হয়েছে।
এ দ্বিপাক্ষিক মহড়া যেকোনো পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় ইচ্ছার পুনর্ব্যক্ত করে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ মহড়া জাপান-মার্কিন জোটের প্রতিরোধ ও প্রতিক্রিয়া সক্ষমতাকে আরো শক্তিশালী করবে।
জাপানে বর্তমানে প্রায় ৫৫ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে; যাদের বেশিরভাগই ওকিনাওয়ার দক্ষিণাঞ্চল, টোকিও শহরতলি ও উত্তর আওমোরি অঞ্চলের বিমান ঘাঁটিতে অবস্থান করছে।