ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়ি ভাড়া করে ব্যাংক ডাকাতি, টাকাপয়সা লুট করে ফিরলেন ওই গাড়িতেই!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৩, ২১ নভেম্বর ২০২২
গাড়ি ভাড়া করে ব্যাংক ডাকাতি, টাকাপয়সা লুট করে ফিরলেন ওই গাড়িতেই!
ছবি: প্রতীকী

গাড়ি ভাড়া করে ব্যাংক লুট করে আবার ওই গাড়িতেই বাড়ি ফিরলেন এক ব্যক্তি। ব্যাংকে ঢোকার আগে ওই গাড়ি চালককে অপেক্ষা করতে বলেছিলেন। জানিয়েছিলেন, একটু বাদে কাজ শেষ হয়ে যাবে। তার গাড়িতেই বাড়ি ফিরবেন তিনি। অবশেষে ধরা পড়েছেন তিনি। ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, জেসন ক্রিস্টমাস নামে এক ব্যক্তি অ্যাপ ক্যাব ভাড়া করেছিলেন ব্যাংকে যাবেন বলে। তিনি ব্যাংকে ঢোকার আগে ওই গাড়িচালককে অপেক্ষা করতে বলেন। ব্যাংক থেকে টাকাপয়সা নিয়ে ধীরেসুস্থে ওই গাড়িতে উঠে বাড়ি চলে যান তিনি।

সাউথফিল্ড পুলিশ এই ঘটনাকে ‘অভিনব অপরাধ’ বলছে। পুলিশ এও জানাচ্ছে, ওই গাড়িচালক ভেবেছিলেন ব্যাংকের কোনও কাজ নিয়েই জেসন তার গাড়িতে উঠেছেন। তার এই লুটের পরিকল্পনার কথা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়ি থেকে নেমে ব্যাংকে ঢোকার সময় মুখে মাস্ক পরে নেন ওই ব্যক্তি। ব্যাংকে ঢুকেই অন্য মূর্তি ধরেন। বন্দুক তাক করে ব্যাংককর্মীদের কাছে টাকা চান। ‘কাজ’ শেষ করে আবার ধীরেসুস্থে ভাড়া করা গাড়িতে গিয়ে বসেন তিনি। এর মধ্যেই অ্যালার্মের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ব্যাংককর্মীদের মুখে পুরো ঘটনাক্রম শুনে তাজ্জব হয়ে যান পুলিশ কর্মকর্তারা। শুরু হয় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে চিহ্নিত করার কাজ।

আরো পড়ুন>> পরিবারের অমতে বিয়ে, মেয়েকে গুলি করে হত্যার পর স্যুটকেসে ভরে ফেলে দিল বাবা-মা

ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে যাওয়া ওই অ্যাপ ক্যাবের পিছু নেয় পুলিশ। ঠিক বাড়ি ঢোকার আগে অপরাধীকে হাতেনাতে ধরে ফেলে তারা।

এক পুলিশকর্তা বলেন, ‘‘দীর্ঘ ছুটির সময় আসছে। দেখা গিয়েছে এই সময় অপরাধের সংখ্যা বেড়ে যায়। তবে এই ব্যক্তির ডাকাতির পরিকল্পনাই অন্য রকম।’’

জেসনকে ডাকাতির অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে তিনি এই কাজ করতে গিয়েছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!