‘কঠিন সময়ে’ তুরস্কের প্রতি রাশিয়ার অনুরোধ
সিরিয়া থেকে ছোড়া রকেট বিস্ফোরণে তুরস্কের তিন নাগরিক নিহতের পর দেশটিতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে বহুমুখী যুদ্ধের কঠিন সময়ে সিরিয়ায় বড় ধরনের অভিযান ও অত্যাধিক শক্তি প্রয়োগ না করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
সোমবার সিরিয়া সীমান্তের পাশে তুরস্কের কারকামিস জেলায় রকেট আঘাত হানলে তিনজন নিহত হন। এ ঘটনা সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের ওপর কঠোর অভিযান চালানোর ইঙ্গিত দেন এরদোগান।
সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার বিশেষ দূত আলেক্সান্ডার লাভেরেনতেভ মঙ্গলবার বলেন, আমরা আশা করি, উত্তেজনা উপশমে, সিরিয়ায় অত্যাধিক শক্তি প্রয়োগে বিরত থাকতে তুরস্ককে আমরা বোঝাতে পারব।
.png)
মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া নিয়ে আলোচনায় বসেন তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রতিনিধিরা। এ বৈঠকে তুরস্কের প্রতি এমন আহ্বান জানান রাশিয়ার দূত আলেক্সান্ডার লাভেরেনতেভ।
তিনি তার বক্তব্যে আরো বলেন, বড় ধরনের স্থল অভিযান আটকাতে কয়েক মাস ধরে কাজ করছে রাশিয়া।
গত ১৩ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার দায় কুর্দিদের ওপর চাপায় তুরস্ক। এরপর এর জবাব দিতে উত্তর সিরিয়া এবং ইরাকে অবস্থানরত কুর্দিদের লক্ষ্য করে ২০ নভেম্বর একাধিক বিমান হামলা চালায় আঙ্কারা। এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হন।