ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, একটি বিয়েবাড়িতে বিনা দাওয়াতে খেতে আসেন এমবিএ-এর পড়ুয়া এক যুবক। ধরা পড়ায় বিয়ে বাড়িরই কয়েকজনের বিরুদ্ধে তাকে বাসন মাজিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে।
.png)
এ ঘটনার ভিডিওও ভাইরাল হয়েছে। সেখানে জ্যাকেট পরা এক যুবককে খাবারের প্লেট পরিষ্কার করতে দেখা যাচ্ছে। তাকে ঘিরে ধরা লোকজনের মধ্যে থেকে এক জন বললেন, কেমন লাগছে বাসন মাজতে? উত্তরে যুবক বলেন, ফ্রিতে খাবার খেয়েছি, কিছু তো করতে হবে।
এরপরই প্রশ্ন উড়ে আসে, কেউ কি তোমাকে দাওয়াত করেছে?” জবাবে যুবক মাথা নাড়িয়ে বলেন, না। আবারও প্রশ্ন, ফ্রিতে খাবার খাওয়ার শাস্তি কি জানো। এরপরই হুমকির সুরে একজনকে বলতে শোনা যায়, দাও, ওকে আরো বাসন ধুতে।
যুবকের তখন গলদঘর্ম অবস্থা। কী করবেন বুঝতে পারছিলেন না। হাতে এঁটো বাসন ধরা। ধোয়ার জন্য সাবান খোঁজাখুঁজি করতেই আবার প্রশ্ন, বাড়িতে কখনও বাসন মেজেছ? এরপরই তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কী করেন। কোথায় থাকেন। যুবক তখন জানান, তিনি জবলপুরে থাকেন। ভোপালে এমবিএ পড়তে এসেছেন। নাম জিজ্ঞাসা করতেই যুবক জানান, তার নাম সম্রাট কুমার।