সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত পুতিন, অসুস্থতা নিয়ে ফের জল্পনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি একাধিক জল্পনা তৈরি হয়েছিল। কখনও ক্যানসার, কখনও আবার স্নায়ুর জটিল রোগ, একাধিক জল্পনা রয়েছে পুতিনের স্বাস্থ্য ঘিরে। এরইমধ্যে এবার তার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গুরুতর আঘাত পেয়েছেন পুতিন, বর্তমানে বাড়িতেই চিকিৎসা চলছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ায় নিজের সরকারি বাসভবনে ৫ ধাপ সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান পুতিন। সাথে সাথে ছুটে আসেন তার নিরাপত্তারক্ষীরা। তাকে ধরে বসানো হয় পার্শ্ববর্তী সোফায়। সঙ্গে সঙ্গে চিকিৎসককেও খবর দেয়া হয়।
জানা গেছে, সিঁড়ি থেকে পড়ে পায়ে ও পেটে বেশ ব্যথা পেয়েছেন ৭০ বছর বয়সী এই নেতা। তাকে চিকিৎসা দিয়ে আপাতত বিশ্রামে থাকতে বলা হয়েছে। তবে বিকালের পর থেকেই বেশ সুস্থ বোধ করছিলেন পুতিন, উঠে হাঁটাচলাও করেছেন বলে জানা গেছে।
.png)
আরো পড়ুন>> বিক্ষোভের জেরে ‘বাধ্যতামূলক হিজাব আইন’ পর্যালোচনা করছে ইরান
এ নিয়ে রুশ গোয়েন্দা সংস্থার একজন জেনারেল বলেন, পরিস্থিতি আশঙ্কাজনক নয়। রাতের দিকে প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। আমরা এরই মধ্যে তাকে দেখে এসেছি। তবে বসার সময় তার কোমরের কাছে একটু ব্যথা করছে। এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই।
এর আগে পুতিনের শরীরিক অবস্থার অবনতি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। বলা হয়, পুতিন এতোটাই অসুস্থ যে, কোনো অনুষ্ঠান বা সমাবেশে তিনি যোগ দিতে পারছেন না। তাই এসব স্থানে পুতিনের বদলে তার বডি ডবলদের পাঠানো হচ্ছে, যা বিভিন্ন সময় ইউক্রেনীয় গোয়েন্দাদের চোখে ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। তাই নিজের বাড়ির সিঁড়ি থেকে পড়ে যাওয়ার খবরে পুতিনের শারীরিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা আরো বাড়ছে।