ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩০, ৫ ডিসেম্বর ২০২২
ইউক্রেনে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন শহরে আবারও ব্যাপক পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত দু’জন নিহত ও অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

সোমবার ইউক্রেনের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। 

এদিকে, রাশিয়ার এ হামলার কারণে রাজধানী কিয়েভসহ দেশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এটি ‘নতুন ঢেউ’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

Advertisement

কয়েক সপ্তাহে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার পর নতুন করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর আগে, কিয়েভ কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছিল, পূর্ববর্তী হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎস্থাপনার কাজ মেরামতের পরই কেবল জরুরি ‘ব্ল্যাকআউট’ কাটিয়ে ওঠা সম্ভব হবে।

লন্ডনভিত্তিক ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস বলেছে, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের একাধিক অঞ্চলে ইন্টারনেট সংযোগ বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের রাজধানীর বিশাল আন্ডারগ্রাউন্ড মেট্রোতে ভিড় করছে মানুষ। এ সময় পুরুষ, নারী এবং শিশুদের গরমের টুপি, মোটা কোট এবং হুড পরে বিষণ্ণভাবে বসে থাকতে দেখা গেছে। কিয়েভের তাপমাত্রা প্রায় মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে (২৩ ডিগ্রি ফারেনহাইট) নেমেছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!