পাঞ্জাবে স্বর্ণ মন্দিরের কাছে আবারো ভয়াবহ বিস্ফোরণ
ভয়াবহ বিস্ফোরণে কাপল ভারতের পাঞ্জাব। স্বর্ণ মন্দিরের কাছে আবারো বিস্ফোরণ ঘটনা ঘটল। এর আগে আরো দুইবার স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ ঘটে।
বুধবার মধ্য রাতে পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বার বিস্ফোরণ হলো সেখানে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কজনক অবস্থায় আছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ হয়। শেষ খবর অনুযায়ী, বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
.png)
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার মধ্য রাতে স্বর্ণ মন্দিরের কাছেই অবস্থিত একটি বাড়িতে বিস্ফোরণ হয়। যে ঘরে বিস্ফোরণ হয়, সেখানে তিনজন ছিলেন। বিস্ফোরণের খবর পাওয়ার পরই পুলিশ স্বর্ণ মন্দিরসহ গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ।
আরো পড়ুন>> গাজায় ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার নিহত
প্রাথমিক তদন্তের পর পুলিশ আরো জানায়, এই ঘটনার পিছনে বড় কোনো নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলেই জানা গেছে।
পুলিশ কমিশনার নৌনিহাল সিং বলেন, রাত সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে একটা বিকট শব্দ শোনা যায়। মনে করা হচ্ছে, আগের মতোই একটি বিস্ফোরণ হয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। স্বর্ণ মন্দিরের পিছন থেকে বেশ কিছু টুকরো উদ্ধার করা হয়েছে। সেগুলো কীসের, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত হওয়ার পরই এই বিস্ফোরণের ঘটনার বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৬ ও ৮ মে-ও বিস্ফোরণ হয় পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছেই। প্রথম বিস্ফোরণ, অর্থাৎ গত ৬ মে-র বিস্ফোরণের ঘটনায় ৬ জন আহত হন। বেশ কিছু বিল্ডিংয়ের কাচ ভেঙে যায় বিস্ফোরণের জেরে। এর ৩০ ঘণ্টা বাদেই ফের আরেকটি বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণের মাত্রা কিছুটা কম ছিল। ওই বিস্ফোরণে একজন আহত হন।
সূত্র: এনডিটিভি