জানা গেছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে রাতের আঁধারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (২২ মে) ভোরে ইউক্রেনীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে মিডিয়া রিপোর্টে এই শহরটিতে সিরিজ বিস্ফোরণের খবর দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় আনুষ্ঠানিক ভাবে কোনো বিবৃতি দেয়নি রাশিয়া।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাতের আঁধারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এসময় বহু সংখ্যক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
.png)
আরো পড়ুন>> ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনে নিহত ৩
তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্যবস্তু ধ্বংস করছে নাকি রাশিয়ান ক্ষেপণাস্ত্র বা ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করার ফলে এসব বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।
অবশ্য ডিনিপ্রো শহরটি যে অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র সেই ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর ইউক্রেনীয় যোদ্ধাদের প্রশংসা করেছেন।
গভর্নর সেরহি লাইসাক তার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ান বাহিনীকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ, আমরা আক্রমণ প্রতিহত করেছি। সঠিক সময়ে বিস্তারিত জানা যাবে।’
ঘটনা সূত্রে জানা গেছে, ৯০ মিনিটের বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতার সময় ডিনিপ্রোতে প্রায় ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই ঘটনার সত্যতা এখনো কোনো সংবাদমাধ্যম যাচাই করতে পারেনি।
সূত্র: রয়টার্স