মোবাইল কেড়ে নেয়ায় মাকে হত্যার চেষ্টা কিশোরীর!
মোবাইল ফোন কেড়ে নেয়ায় নিজের মাকেই মেরে ফেলার চেষ্টা করেছে এক কিশোরী। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন ওই কিশোরীর মা।
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে।
মায়ের অভিযোগ, মোবাইলের প্রতি প্রচুর আসক্তি ছিল তার ১৩ বছরের মেয়ের। রাতে দীর্ঘ সময় ধরে মোবাইল ঘাঁটত সে। অনেক রাত পর্যন্ত ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলত কিশোরী। এর ফলে তার পড়াশোনার ক্ষতি হচ্ছিল। তাই কিছু দিন আগে তার মোবাইল ফোন কেড়ে নেন মা।
হেল্পলাইনে ফোন করে ওই নারী দাবি করেন, ফোন কেড়ে নেয়ার পর থেকেই তার কন্যার আচরণ বদলাতে থাকে। মাঝেমধ্যেই তিনি দেখতে পান যে, চিনির কৌটায় রাখা রয়েছে কীটনাশক। আবার বাথরুমের মেঝেতে পরিষ্কার তরল বস্তু ফেলে রাখা হয়েছে। ওই নারীর আশঙ্কা, তাকে মারতেই এই কাণ্ড ঘটিয়েছে তার কিশোরী কন্যা।
আরো পড়ুন>> ব্রাজিলে স্কুলে বন্দুক হামলা, নিহত ১
তবে শেষ পর্যন্ত কিশোরীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হয়েছে কি না, কিংবা তার কাউন্সেলিং করানো হয়েছে কি না, তা জানা যায়নি।
ফোন না দেওয়ায় কিশোর-কিশোরীদের এমন আচরণের ঘটনা নতুন নয়। গত বছর ভারতের উত্তরপ্রদেশের লখনউতে মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মাকে খুন করার অভিযোগ উঠেছিল এক কিশোরের বিরুদ্ধে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া