ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টমেটো যেন মূল্যবান সোনা, লুট ঠেকাতে বাউন্সার রাখলেন সবজি বিক্রেতা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ১০ জুলাই ২০২৩
টমেটো যেন মূল্যবান সোনা, লুট ঠেকাতে বাউন্সার রাখলেন সবজি বিক্রেতা 
সংগৃহীত ছবি

টমেটো যেন সোনার মতোই মূল্যবান হয়ে উঠছে! যে হারে দাম বাড়ছে, তাতে টমেটো ছুঁলেই ছেঁকা লাগছে। অগ্নিমূল্য সবজি চুরির ঘটনাও ঘটছে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে লুট রুখতে দোকানে বাউন্সার রাখলেন এক সবজি বিক্রেতা। ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশের বারাণসী।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। সাধারণত সোনার দোকানে নিরাপত্তারক্ষী বা বাউন্সার দেখা যায়। কিন্তু কোনো সবজি দোকান পাহারা দিচ্ছেন বাউন্সার, এই দৃশ্য সত্যিই বিরল।

পিটিআইকে অজয় ফৌজি নামে ঐ সবজি বিক্রেতা বলেছেন, টমেটোর দাম ক্রমশ বাড়ছে। তাই বাউন্সার রাখলাম। লোকেরা টমেটো লুট করছে। যেহেতু আমার দোকানে টমেটো রয়েছে, তাই বাউন্সার রেখেছি। কেজি প্রতি ১৬০ টাকায় টমেটো বিক্রি হচ্ছে। ৫০ থেকে ১০০ গ্রাম টমেটো কিনছেন সকলে।

Advertisement

গত কয়েক দিন ধরেই শাক-সবজির দাম বেড়েছে। বিশেষ করে টমেটোর দামে কপালে ভাঁজ পড়েছে ক্রেতাদের। দেশের বিভিন্ন রাজ্যে কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা করে। এই পরিস্থিতিতে টমেটো চুরির অভিযোগ উঠেছে। 

কর্নাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এক কৃষকের ক্ষেত থেকে দেড় লাখ টাকার টমেটো চুরির অভিযোগ উঠেছে। অন্ধ্রপ্রদেশের এক সবজি বিক্রেতার দোকান থেকে অনেক টাকার সবজি চুরি হয়ে গিয়েছে। বেছে বেছে টমেটো, লঙ্কার মতো দামি সবজি নিয়ে দোকান খালি করে দিয়েছে দুষ্কৃতীরা। এ ধরনের ঘটনা রুখতে কর্নাটকের হাভেরির এক বিক্রেতা তার দোকানে সিসিটিভি লাগিয়েছেন। এবার টমেটো লুট ঠেকাতে দোকানে বাউন্সার রাখলেন এক বিক্রেতা।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সবজি
লিংক সফলভাবে কপি হয়েছে!