পরীক্ষায় পাস করাতে উত্তরপত্রের ভেতর টাকা রাখলো শিক্ষার্থীরা!
বোর্ড পরীক্ষায় ভালো ফলের জন্য অনেক ছাত্রছাত্রীই কঠোর অধ্যাবসায় করে। তবে অনেকে আবার পরীক্ষার জন্য প্রস্তুতি না নিয়ে বরং কৌশল রপ্ত করে পাস করতে চায়। যার জন্য কখনো পরীক্ষার হলে করে চিটিং, আবার কখনও শিক্ষককে টাকা দেয়ারও প্রস্তাব দেয়। ঠিক যেমনটা করেছে ভারতের একদল শিক্ষার্থী। পরীক্ষায় পাস করানোর জন্য শিক্ষার্থীদের দেয়া সেই টাকার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছাত্রদের উত্তরপত্রের সঙ্গে শিক্ষককে টাকা দেয়ার ছবি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ভারতের আইপিএস অফিসার অরুণ বোথরা। যা দেখে নেটিজেনদের মত, ‘শিক্ষা ব্যবস্থার করুণ’ চিত্রই উঠে এসেছে এতে। ছবিতে ২০০, ৫০০ এবং ১০০ রুপির বেশ কিছু নোট দেখতে পাওয়া যায়। এই নোটগুলোই ছাত্ররা তাদের বোর্ড পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে রাখে, যাতে শিক্ষক তাদের পাস করিয়ে দেন।
আইপিএস অফিসার ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই ছবিটি আমাকে এক শিক্ষক পাঠিয়েছেন। সব নোটগুলো পাস নম্বর দেয়ার অনুরোধ করে বোর্ড পরীক্ষার উত্তরপত্রের ভেতরে শিক্ষার্থীরা রেখে দিয়েছিল। ছবিটি আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী এবং সমগ্র শিক্ষা ব্যবস্থার বিষয়ে অনেক কিছু বলে দেয়।’
.png)
পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। শিক্ষা ব্যবস্থার এমন চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সবাই। অনেক শিক্ষক তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ‘দুর্ভাগ্যজনক’ ঘটনা বলেও বর্ণনা করেছেন অনেকে।
আবার কেউ কেউ বলছেন, সবকিছু টাকা দিয়ে কেনা যায়, এমন ধারণা ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাথায় ঢুকে গেছে।