মারা গেল বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুর
দেখতে আর দশটি কুকুরের মতো হলেও সাধারণ কোনও কুকুর নয় ববি। রীতিমতো তারকা সে। নাম উঠেছে গিনেস বুকে। কারণ, ববির বয়স। গত মে মাসে ৩১ বছর পূর্ণ করেছে ববি। সে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের স্বীকৃতিও পেয়েছে।
তবে বছর না ঘুরতে ববির পথচলা থেমে গেছে। দীর্ঘজীবন পাওয়া ববি গত শনিবার পর্তুগালের বাড়িতে মারা গেছে। বয়স হয়েছিল ৩১ বছর ১৬৫ দিন। দীর্ঘদিন ববির চিকিৎসা করেছেন পশুচিকিৎসক কারেন বেকার। তিনি কুকুরটির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন।
১৯৯২ সালের ১১ মে ববির জন্ম। গত ১ ফেব্রুয়ারি সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে ববির। এর আগে প্রায় ১০০ বছর ধরে এই রেকর্ড ছিল ব্লুয়ি নামের একটি কুকুরের দখলে। অস্ট্রেলিয়ার ওই কুকুর ১৯৩৯ সালে ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়।
.png)
ববির মালিকের নাম লিওনেল কস্তা। তার বাড়ি পর্তুগালের কনকুয়েরিওস গ্রামে। ববি সেখানেই থাকত। কস্তা জানান, ববি রাফেইরো জাতের কুকুর। গবাদিপশু পাহারা দেওয়ার জন্য এই কুকুরগুলো পোষা হয়। ১২ থেকে ১৪ বছর বাঁচে একেকটি কুকুর। তবে ববি ছিল ব্যতিক্রম।
তিনি আরো জানান, ববি ভালো খাবার খায়। খোলা হাওয়ায় বড় হয়েছে। তাকে কখনোই শিকলে বাঁধা হয়নি। লিওনেল জানিয়ছিলেন, ‘আমরা যা খাই, ববিও সেটাই খায়।
সূত্র: বিবিসি