ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমান থেকে কোরআনের আয়াত লেখা লিফলেট ছুড়লো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৫, ৭ ডিসেম্বর ২০২৩
বিমান থেকে কোরআনের আয়াত লেখা লিফলেট ছুড়লো ইসরায়েল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে এবার বিমান থেকে পবিত্র কোরআনের আয়াত লেখা সম্বলিত লিফলেট ফেলেছে দখলদার ইসরায়েল।

বুধবার (৬ ডিসেম্বর) ফেলা এসব লিফলেটে সুরা ২৯ (আনকাবুতের) ১৪ নম্বর আয়াতটি তুলে ধরা হয়েছে। কোরআনের এ আয়াতে বলা হয়েছে, ‘প্রবল বন্যা তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল; কারণ তারা ছিল অন্যায়কারী।’

গাজার খান ইউনিসের সাংবাদিক আমীর তাবস জানিয়েছেন, তারা দেখেছেন ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই আয়াত লেখা কয়েক হাজার লিফলেট ছোড়া হয়েছে। যেগুলো মাটিতে এসে পড়েছে।

Advertisement

এই সুরায় নুহ নবীর আমলে হওয়া প্রবল বন্যার কথা উল্লেখ করা হয়েছে। সাংবাদিক আমীর তাবস বলেছেন, এরমাধ্যমে ইসরায়েলিরা খুব সম্ভবত বুঝিয়েছে ‘সামনে গাজাবাসীর জন্য খারাপ কিছু আসছে।’

গাজার কেউ কেউ বলছেন— ইসরায়েলিরা পরিকল্পনা করছে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের যেসব গোপন সুড়ঙ্গ আছে; সেগুলো সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। কোরআনের এই আয়াতের মাধ্যমে হয়ত ইসরায়েলিরা বুঝিয়েছে, হামাস অন্যায় করেছে। আর এ কারণে এখন সমুদ্রের পানি দিয়ে তাদের ডুবিয়ে দেওয়া হবে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, বিমান থেকে কোরআনের আয়াত সমৃদ্ধ লিফলেট ফেলায় গাজার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এক নারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আমরা অন্যায়কারী নই। ইসরায়েলিরা অন্যায়কারী। তারা মানুষকে হত্যা করছে। আমরা সন্ত্রাসী নয়। ইসরায়েলিরা মানুষের ক্ষতি করছে।’

মিডল ইস্ট আই জানিয়েছে, অতীতেও গাজাবাসীকে কথিত সতর্ক করতে কোরআনের আয়াত ব্যবহার করেছে দখলদার ইসরায়েল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!