ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় গাজায় ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ২৪ জুন ২০২৪
ইসরায়েলি হামলায় গাজায় ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা নিহত
হানি আল-জাফরাভি - ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ঊর্ধ্বতন এক স্বাস্থ্য কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম হানি আল-জাফরাভি। তিনি গাজা উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক ছিলেন।

সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজা সিটির একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন জাফরাভি।

গাজার মন্ত্রণালয় আরো জানায়, গাজার স্বাস্থ্যকর্মীদেরকে ইসরায়েলি বাহিনী পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করা সত্ত্বেও তারা চিকিৎসা সম্পর্কিত মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

Advertisement

এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়টি।

এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৭ হাজার ৫৯৮ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরো ৮৬ হাজার ৩২ জন মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪৭ জন নিহত ও আরো ১২১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল এরইমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!