ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রামাল্লায় আল জাজিরার অফিস বন্ধ করে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৪
রামাল্লায় আল জাজিরার অফিস বন্ধ করে দিল ইসরায়েল
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরা টিভির অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা দফতরটি ৪৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

পশ্চিম তীরে অবস্থিত আল-জাজিরার ব্যুরো অফিসের প্রধান ওয়ালিদ আল-ওমারি গণমাধ্যমকে জানান, রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে ইসরায়েলি সেনারা এসে আল-জাজিরার সম্প্রচার আগামী ৪৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়ে অফিসে তালা লাগিয়ে গেছে।

এ সময় ইসরায়েলি সেনারা বলেন, আল জাজিরার সম্প্রচার আগামী দেড় মাস বন্ধ রাখার জন্য আদালতের একটি রায় রয়েছে। ইসরায়েলি সেনারা আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারিকে বলেন, আমরা আপনাকে এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে অফিস ছেড়ে চলে যেতে বলছি।

Advertisement

একটি ফিডিও ফুটেজে দেখা যায়, ভারী অস্ত্রধারী এবং মুখোশধারী সেনারা অফিসে ঢুকছে। তারা টিভি সম্প্রচার বন্ধের আদেশ দিলেও কারণ বলতে পারেনি।

গত সপ্তাহে ইসরায়েলের সরকার ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলের অভ্যন্তরে চ্যানেলটি পরিচালনা করা নিষিদ্ধ করার চার মাস পরে আল জাজিরার সাংবাদিকদের প্রেস কার্ড বাতিল করেছে।

ইসরায়েলের দাবি, আল-জাজিরা এখন ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে নিয়ে ইসরায়েলের যুদ্ধ কভার করে। ইসরায়েলি সামরিক বাহিনী বারবার কাতারের এই টিভি চ্যানেলের সাংবাদিকদের গাজায় হামাস বা তার মিত্র ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত 'সন্ত্রাসী এজেন্ট' হিসেবে অভিযুক্ত করে আসছে।

তবে, আল-জাজিরা ইসরায়েল সরকারের এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং ইসরায়েল পরিকল্পিতভাবে গাজা উপত্যকায় এই টিভির কর্মীদের লক্ষ্যবস্তু করে আসছে বলে অভিযোগ করেছে।

গত অক্টোবরে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর দেশটিতে একটি বিল পাস হয়। এতে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি এমন বিদেশি গণমাধ্যমগুলোকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়।

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় আল-জাজিরার অফিস রয়েছে। ২০২২ সালের মে মাসে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা করে ইসরায়েল। ওই সময় জেনিন শহরে ইসরায়েলের একটি সামরিক অভিযানের খবর কভার করছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!