চলতি বছর সৌদি আরবে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর: এএফপি
সৌদি আরবের কর্তৃপক্ষ চলতি বছর এ পর্যন্ত মোট ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে ১১৬ জনই মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তাঁদের মধ্যে ৮০ জন ছিলেন বিদেশি নাগরিক।
মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থার এএফপির সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ চিত্র উঠে এসেছে। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকদের সুনির্দিষ্ট দেশভিত্তিক পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হলেও এএফপির প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চলমান হামলা এবং আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ডকে জরুরি হিসেবে দেখছে সৌদি সরকার। দেশটির দাবি, সব আইনি প্রক্রিয়া ও আপিলের সুযোগ শেষ হওয়ার পরই কেবল এই দণ্ড কার্যকর করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চীন ও ইরানের পর সৌদি আরব বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হিসেবে পরিচিত।