ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৩, ৩১ অক্টোবর ২০২৬
ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো বিক্রি করতে ২১০ কোটি ডলার ব্যয় হবে। ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্রমবর্ধমান বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র হাতে পেতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবিত ব্যয় প্রায় ২১০ কোটি মার্কিন ডলার। এ অর্থ ইউরোপের মিত্র দেশগুলো ও কানাডার সহায়তায় জোগান দেওয়া হবে।

এদিকে, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান পুনর্ব্যক্ত করেন জেলেনস্কি। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কিয়েভ।

চলতি মাসের শুরুতে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়ে জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মতবিরোধ দেখা দেয়। রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহ নিশ্চিত করার একটি চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ নিয়ে ইউক্রেনের অসন্তোষের মধ্যে ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি করতে ইউক্রেনের নতুন নেতৃত্ব প্রয়োজন।

তবে গত ২০ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত অস্ত্র বিক্রি ইউক্রেনের নিরাপত্তা সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও জানানো হয়, কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র কেনার অর্থের একটি অংশ জোগান দেওয়া হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সহায়তা ঋণের আওতায় জাতীয় তহবিল থেকেও অর্থায়ন করা হবে। এ ক্ষেত্রে ‘জাম্পস্টার্ট’ কর্মসূচি ব্যবহার করা হবে।

ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রধান ঠিকাদার হিসেবে থাকবে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিক্রিতে যুক্তরাষ্ট্রের সরকারি তহবিল থেকে কোনো অর্থ ব্যয় হবে না।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় মস্কো এবং পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের কিছু অংশ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে চলে যায়।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!