গ্রেফতার ডিআইজি মিজান শাহবাগ থানায়
বরখাস্তকৃত ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশের পর শাহবাগ থানায় আনা হয়েছে। এর আগে হাইকোর্ট তার জামিন আবেদন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহাড়ায় মিজানকে শাহবাগ থানায় আনা হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা সেখানে জড়ো হন।
এদিকে বিষয়টি নিয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসানের সঙ্গে কয়েকবার কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়। এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি শাহবাগ থানা পুলিশ। এছাড়া কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তাও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
.png)
আইনানুযায়ী গ্রেফতার আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে তোলার বিধান রয়েছে। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার তাকে বিচারিক আদালতে তোলা হতে পারে।
এদিন দুপুর ২টায় দুর্নীতি দমন কমিশনের মামলায় বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার আগাম জামিন আবেদনের শুনানি হয়। সেখানে ডিআইজি মিজানকে জামিন না দিয়ে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। হাইকোর্ট জানায়, ডিআইজি মিজানুর রহমান পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন।
এর আগে রোববার ডিআইজি মিজান আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
প্রসঙ্গত, গেল ২৫ জুন রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক আদেশে ডিআইজি মিজানকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেডআর