ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পাঁচ মাসের বেশি ওএসডি অবৈধের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ১৯ জানুয়ারি ২০২০
পাঁচ মাসের বেশি ওএসডি অবৈধের আদেশ স্থগিত
ফাইল ছবি

সরকারি কর্মকর্তাদের পাঁচ মাসের বেশি ওএসডি করে রাখার বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।  

রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

গত ৮ জানুয়ারি হাইকোর্ট সরকারি কর্মকর্তাদের ১৫০ দিনের বেশি ওএসডি করে রাখার বিধান অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে যেসব সরকারি কর্মকর্তা ১৫০ দিনের বেশি সময় অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) আছেন তাদের নিজ নিজ পদে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।

Advertisement

এছাড়া একজন সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১২ সালে ওএসডির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহ৷

রিটে বলা হয়, ১৯৯১ সালের ৩ অক্টোবর মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সর্বনিম্ন ৪৫ এবং সর্বোচ্চ ১৫০ জনকে ওএসডি করে রাখার বিধান রয়েছে৷ কিন্তু বর্তমানে এর ব্যতিক্রম হচ্ছে৷ তাই ওএসডির বিষয়ে আদালতের কাছ থেকে সিদ্ধান্ত চাওয়া হয়েছে।

রিট শুনানির এক পর্যায়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন। এছাড়া আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদালতে ৯ বছরের একটি প্রতিবেদন দাখিল করে৷ ২০১৯ সালের ১৩ মে ওই প্রতিবেদন দেয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, ৩ হাজার ৬০৫ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে৷

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!