ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ৪ অক্টোবর ২০২০
ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর
ওয়াশিকুর রহমান বাবু। ফাইল ছবি

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় ঘোষণার জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। 

রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। মামলার ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদরাসাছাত্রকে আটক করে।

Advertisement

ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করায় বাবুকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। আটকের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

বাবু হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে ওই রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন তার ভগ্নিপতি মনির হোসেন। পরে আটক দু’জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসিব আব্দুল্লাহ (পলাতক) ও আবু তাহের জুনায়েদের (পলাতক) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!