মালিবাগে বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মী রেখার দায় স্বীকার
রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় রেখা আক্তার নামের সেই গৃহকর্মী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। সোমবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন আসামি রেখা ও তার স্বামী ফরহাদ এরশাদকে আদালতে হাজির করা হয়। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহান থানার উপপরিদর্শক রেজাউল করিম তার জবানবন্দি ও আসামি এরশাদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি রেখার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় গত ১৯ জানুয়ারি রাতে শাহজানপুর থানায় গৃহকর্মী রেখার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর অভিযান চালিয়ে গত ২১ জানুয়ারি ভোরে ঠাকুরগাঁও এর রাণীশংকৈল উপজেলার কাশীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গৃহকর্মীর স্বামী এরশাদকে রাজধানীর উত্তর বাসাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত ২২ জানুয়ারি গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী ফরহাদ এরশাদকে আটদিনের রিমান্ডের মঞ্জুর করেন আদালত। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ মার্চ দিন ধার্য রয়েছে।
জানা গেছে, নির্যাতিত বৃদ্ধার সেবাযত্ন করার জন্য এক বছর আগে মাসিক ৬ হাজার টাকা বেতনে গৃহকর্মীকে বাসায় কাজে রাখা হয়। এর আগে ভাড়াটিয়া হিসেবে গৃহকর্মী তাদের বাসায় এসেছিল। সেখান থেকে পরিচয়ের সূত্রে তাকে বাসার কাজে রাখা হয়।