স্ট্যাম্প জালিয়াতি: মূলহোতা ইউসুফসহ চারজন ফের রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধারের ঘটনায় করা মামলায় চক্রের মূলহোতা আবু ইউসুফ ওরফে পারভেজ ওরফে রানাসহ চারজনের ফের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন ও নুরুল ইসলাম ওরফে সোহেল।
.png)
এর আগে তিন দিনের রিমান্ড শেষে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ফের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, গত ২৪ জুন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতার করে। এসময় জাল স্ট্যাম্প তৈরির ছাপাখানা থেকে ২০ কোটি ২ লাখ ২৪ হাজার টাকার মূল্যের ১৩ লাখ ৪০ হাজার জাল রেভিনিউ স্ট্যাম্প, ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১৯ হাজার ৪৮০টি জাল কোর্ট ফি এবং জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রির নগদ ৩ কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন ব্যাংকের ১ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার ১৮টি চেকের পাতা, ১১৪ গ্রাম স্বর্ণালঙ্কার, ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সিল ও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এরপর ২৫ জুন চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মতিঝিল থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।