ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানবপাচার মামলায় রিমান্ড শেষে কারাগারে অমি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ৩ জুলাই ২০২১
মানবপাচার মামলায় রিমান্ড শেষে কারাগারে অমি
তুহিন সিদ্দিকী অমি ও নাসির উদ্দিন মাহমুদ- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর দক্ষিণখান থানায় মানবপাচারের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে আলোচিত তুহিন সিদ্দিকী অমির কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শনিবার ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আসামি অমিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
 
এর আগে, গত ২৩ জুন এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি অমির গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর গত ৩০ জুন আসামি অমিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রিমান্ড শুনানি শুরু হয়। এসময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এদিকে, গত ১৭ জুন রাজধানীর দক্ষিণখান থানায় অমির বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে এক ভুক্তভোগী। মামলায় অমি ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো পাঁচ-সাতজনকে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৮ জুন এ  মামলার এজাহার আসলে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেন আদালত।

এ মামলায় রিমান্ড শেষে অমির ১০ সহযোগী কারাগারে আটক রয়েছে। তারা হলেন- জসিম উদ্দিন, সালাউদ্দিন, মুসা, রাকিবুল ইসলাম রানা, গোলাপ হোসেন বুলবুল, জাকির হোসেন, নাজমুল আলম, শাহজাহান ও আতাউর।

মামলা সূত্রে জানা যায়, অমি ও তার সহযোগীরা শত শত লোকজনকে অধিক বেতনে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে। এ মানবপাচারকারী চক্রের সদস্যরা ভিকটিমদের প্রতিশ্রুতি দিয়ে চাকরি না দিয়ে বিভিন্ন দেশে পাচার করে আসছিল। এছাড়া আরও অনেক নিরীহ সরল লোকদের দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। চক্রটি ভিকটিমদের যথাযথ পদ্ধতিতে বিদেশ পাঠায়নি বলে তারা কাজ পাচ্ছে না। ফলে ভিকটিমরা সেখানে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অমি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন দেশে মানবপাচার করে উপার্জিত অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করে আসছে। তারা স্বল্প সময়ের মধ্যে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ সম্পত্তির মালিক হয়েছে।

উল্লেখ্য, ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমনি বাদী হয়ে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৯ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাজাদী তাহমিদার আদালত নাসির ও অমির জামিন দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!