৯০ ভরি সোনা ছিনতাই: মাদকদ্রব্যের সাকিবসহ ৮জনের বিরুদ্ধে চার্জশিট
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকা থেকে এক ব্যবসায়ীর ৯০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সম্প্রতি আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক রুবেল মল্লিক।
শনিবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগপত্রে উল্লেখিত অপর আসামিরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলার এএসআই এনামুল হক, সিপাহী আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, ড্রাইভার ইব্রাহিম শিকদার, তাঁতীবাজারের জীবন পাল, হারুন মুন্সী ও রতন কুমার সেন।
গত ১২ জানুয়ারি ৯০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুরান ঢাকার জিন্দাবাহার লেনের সোনা ব্যবসায়ী সিদ্দিকুর রহমান কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন।
.png)
মামলার অভিযোগে বলা হয়, গত ৭ জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি বাদীকে তুলে নিয়ে ৯০ ভরি সোনা লুট করে নিয়ে যায়। অজ্ঞাত ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ ঘটনায় মামলা হলে কোতোয়ালি থানা পুলিশ প্রথমে ভুক্তভোগী ওই ব্যক্তির দুই কর্মচারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সাকিব হোসেনের নাম জানালে সিপাহী আমিনুল ও সোর্স হারুনসহ তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় গ্রেফতার আটজনের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর পাঁচ আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। বর্তমানে আসামিরা জামিনে রয়েছে।