ফারুক হত্যায় শাশুড়ি-শ্যালিকা রিমান্ডে
রাজধানীর দারুস সালাম এলাকায় ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় তার শাশুড়ি জাহানার বেগম ও শ্যালিকা জয় হাসান মীমের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে শুনানি শুরু হয়। শুনানি শেষ হলে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
.png)
এর আগে গত ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে জাসফিকুর রহমান ওরফে অশ্রু তার বোনের স্বামী ফারুককে গুলি করে। গুরুতর আহত অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফারুক হোসেনের মা আজমেরী বেগম আটজনকে আসামি করে দারুস সালাম থানায় হত্যা মামলা দায়ের করেন। দারুস সালাম থানার এসআই রিয়াজুল ইসলাম অশ্রুকে একমাত্র আসামি করে অস্ত্র মামলাটি দায়ের করেন।
এ মামলায় গত ২১ নভেম্বর তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি শ্যালক জাসফিকুর রহমান ওরফে অশ্রু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আছিবুর রহমান তুষার তাকে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে অপর দুই আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। এরপর ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান আসামিদের কারাগারে পাঠিয়ে ২৩ নভেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। তবে ওইদিন রিমান্ড শুনানি পিছিয়ে ২৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত।