আত্মসমর্পণ করে জামিন আবেদন একাত্তর টিভির শাকিলের
বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে করা ধর্ষণ ও ভ্রুণ হত্যার মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ জামিন আবেদন করেন। এ বিষয়ে আগামী ১৭ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।
জানা যাত, গত ৮ নভেম্বর আসামি শাকিল আহমেদ হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এরপর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে মামলার নথি ম্যাজিস্ট্রেট আদালতে থাকায় তা তলব করা হয়েছে। একইসঙ্গে জামিন শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
গত ৪ নভেম্বর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী উপস্থাপিকা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। আগামী ১২ ডিসেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাকে আর বিয়ে করতে রাজি হননি।