যৌন নির্যাতন: হলি ফ্যামিলির শিক্ষকের বিরুদ্ধে প্রতিবেদন ৬ ফেব্রুয়ারি
রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানি করা মামলায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীরের আদালত এ দিন ধার্য করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
.png)
এর আগে গত ৩ জানুয়ারি আসামি সালাউদ্দিনের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করেন। এর আগে গত ৩০ ডিসেম্বর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে যৌন হয়রানির অভিযোগে রমনা থানায় প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষার্থী। মামলার পরিপ্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করে র্যাব।
মামলা সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী গত বছরের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে ভুক্তভোগী শিক্ষার্থীকে বিভিন্ন কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে এক শিক্ষাবর্ষে অনেক বছর আটকে রাখবে বলে হুমকি দেয়। এরপর কলেজে বিভিন্নভাবে ডেকে তাকে উনার দেওয়া মেসেজ ফোন থেকে মুছে দিতে আর উনার সঙ্গে আলাদাভাবে দেখা করতে বলেন। এর আগে উনি সেই শিক্ষার্থীকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় ২০ হাজার টাকা নেন, কিন্তু পড়াননি। পড়ার জন্য বারবার তাকে তার বাসায় আসতে বলেন, তবে সেই শিক্ষার্থী রাজি হননি।