নির্যাতনের অভিযোগে সুবহার মামলা: স্বামীর বিরুদ্ধে প্রতিবেদন ৫ এপ্
যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত নতুন এ দিন ধার্য করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক গোলসানারা বানু প্রতিবেদন দাখিল করেনি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
.png)
এর আগে গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন সুবহা।
আরো পড়ুন> সুবাহের আরো এক স্বামীর সন্ধান!
মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত বছর সেপ্টেম্বরে সুবহার সাথে ইলিয়াসের পরিচয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত ১ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সুবহার পরিবারের পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা মোতাবেক ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ব্রান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হয়নি। এরমাঝে সুবহা জানতে পারে ইলিয়াসের একাধিক বিয়ে রয়েছে এবং অসংখ্য প্রেমের সম্পর্ক চলমান। এরই মাঝে ইলিয়াস সুবহার কাছে ফ্ল্যাট কেনা বাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে।
গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবহার মায়ের কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। তাকে আড়াই লাখ টাকা দেয় সুবহার পরিবার। পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকার জন্য চাপ দেয়। এনিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এরই জেরে রাত ৮টার দিকে তাকে শারীরিক নির্যাতন করে। পরদিন আবারও ৮০ লাখ টাকা যৌতুক চায়। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে ইলিয়াস সুবহাকে কিল-ঘুষি-লাথি ও চুলের মুঠি ধরে মাথা দেয়ালের সাথে ঠুকে জখম করে। এরপর ইলিয়াস সুবহাকে ব্যথার ওষুধ বলে অন্য ওষুধ খাওয়ায়। একটু পর সুবহা অজ্ঞান হয়ে যান। এ সুযোগে ইলিয়াস আলমারিতে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা নিয়ে যায়।