ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সে রাতে শহিদুল ও অমির কর্মকাণ্ড আদালতে বললেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:২৭, ১৯ এপ্রিল ২০২২
সে রাতে শহিদুল ও অমির কর্মকাণ্ড আদালতে বললেন পরীমনি
ফাইল ফটো

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। শুনানির একপর্যায়ে পরীমনি আদালতের অনুমতি নিয়ে ঘটনার দিন শহিদুল ও অমির ভূমিকার কথা বর্ণনা করেন।

পরীমনি আদালতে বলেন, স্যার, আসামি শাহ শহিদুল ইসলাম আমার হাত ধরে রেখেছিলেন। সেদিন অমি প্ল্যান করে আমাকে বোট ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিলেন।

অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ মে তারিখ ধার্য করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন।

Advertisement

শুনানিকালে আদালতে পরীমনির সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। এছাড়া আদালতে উপস্থিত ছিলেন মামলার আসামি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম। তিন আসামিই এখন জামিনে।

আসামিরা কেন অভিযোগ গঠন থেকে অব্যাহতি পাবেন, সেই যুক্তি আদালতের শুনানিতে তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে, আসামিদের বিরুদ্ধে কেন অভিযোগ গঠন করা উচিত, সেই যুক্তি তুলে ধরেন পরীমনি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আদালতকক্ষ থেকে বেরিয়ে পরীমনি সাংবাদিকদের বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমার সঠিক বিচার লাগবে। যেকোনো পরিস্থিতিতে আমি লড়ে যাব।

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ২০২১ বছরের ১৪ জুন সাভার থানায় মামলা করেন পরীমনি। মামলায় তিনি অভিযোগ করেন, ৮ জুন রাতে তাকে কৌশলে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তার পূর্বপরিচিত তুহিন। সেখানে তাকে জোর করে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। একপর্যায়ে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়। মামলাটি তদন্ত করে গত বছরের ৬ সেপ্টেম্বর নাসির, শহিদুল ও তুহিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!