ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানবাধিকার কমিশনের সুপারিশ নিয়ে হাইকোর্টের রুল 

রাজারবাগ দরবার শরীফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ২৭ এপ্রিল ২০২২
মানবাধিকার কমিশনের সুপারিশ নিয়ে হাইকোর্টের রুল 
হাইকোর্টের ফাইল ফটো

রাজধানীর রাজারবাগ দরবার শরীফের বিরুদ্ধে দুটি মামলা চলমান থাকা অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদন ও সুপারিশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

এ বিষয়ে আইন মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বুধবার এ রুল জারি করেন। এ সময় আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিউলি খানম, অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট মাসুমা জামায়েল।

ঢাকার আশুলিয়ার বাসিন্দা মুহম্মদ মুফিজুল ইসলামের দায়ের করা মামলা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এবং কক্সবাজারের বাসিন্দা নুরুল ইসলামের দায়ের করা মামলা চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারাধীন। এ অবস্থায় জাতীয় জাতীয় মানবাধিকার কমিশন এই দুইটি মামলা নিয়ে প্রতিবেদন ও সুপারিশ পেশ করে। 

দুই মামলার আদেশের বিষয়ে অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল সাংবাদিকদের বলেন, রাজধানীর রাজারবাগ দরবার শরীফের বিরুদ্ধে যে প্রতিবেদন মানবাধিকার কমিশন প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে ভুক্তভোগী মফিজুল ইসলাম ও নুরুল ইসলাম তাদের পীর সাহেবের প্ররোচনায় হয়রানিমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করেছেন। অথচ মফিজুল ইসলাম তার নিখোঁজ শ্যালকের সন্ধান চেয়ে অপহরণ মামলা করেছিলেন। পরে পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে হত্যা মামলা দায়ের করে হত্যাকারীদের শনাক্ত করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

তিনি বলেন, মানবাধিকার কমিশন আইন অনুযায়ী বিচারাধীন মামলা কমিশনের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় এবং একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির শুনানি গ্রহণ না করে কোনো সুপারিশ কমিশন পাঠাবে না। অথচ রিট আবেদনকারীর বক্তব্য না শুনে মানবাধিকার কমিশন আমার মক্কেলের মানবাধিকার লংঘন করেছেন। আদালত কমিশনের তদন্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন। 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মানবপাচার মামলা চলমান থাকায় রাজারবাগ দরবার শরীফের পীর সাহেবের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এ সময় রাজারবাগ দরবার শরীফের পীর ও তার প্রতিষ্ঠানের নামে যে সম্পদ রয়েছে তার তালিকা প্রস্তুত করে আয়ের উৎস ও রাজস্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখাসহ ৭ দফা সুপারিশ দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত প্রতিবেদন প্রদান করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!