যে তিন শর্তে জামিন পেলেন সম্রাট
দুদকের দায়ের করা মামলায় বুধবার জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সব মিলিয়ে চার মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বুধবার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় সম্রাটের জামিনের আদেশ দেন।
সম্রাটের আইনজীবী মাহবুবুল আলম দুলাল জানান, তিন শর্তে সম্রাটের জামিন দেওয়া হয়েছে। অসুস্থতা বিবেচনায়, আদালতের অনুমতি ছাড়া বিদেশে না যাওয়ার শর্তে এবং প্রতিটি ধার্য তারিখে হাজিরা দিতে হবে।
.png)
এদিন সম্রাটের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মাহবুবুল আলম দুলাল, হাবিবুর রহমান প্রমুখ। দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন। এদিন সম্রাটকে আদালতে হাজির করা হয়।
২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
গত ২২ মার্চ দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। অভিযোগ গঠন শুনানির তারিখ ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালত-৬ এ পাঠানো হয়।
প্রসঙ্গত, ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র্যাব।