ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পথশিশুদের জন্মনিবন্ধন সনদ কেন দেওয়া হবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:৪০, ৩০ জুন ২০২২
পথশিশুদের জন্মনিবন্ধন সনদ কেন দেওয়া হবে না: হাইকোর্ট
ফাইল ফটো

পথ শিশুদের জন্মনিবন্ধন সনদ না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পথশিশুদের জন্মনিবন্ধন সনদ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

পথশিশুদের জন্মসনদের দাবিতে করা এক রিটের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল দেন। 

আগামী চার সপ্তাহের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, জন্মনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্মনিবন্ধন সনদ দিতে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে তিন মাসের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জন্মনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রারকে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Advertisement

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল ও জর্জ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

এর আগে গত ২০ মে সমাজ কল্যাণমূলক সংগঠন ‘স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স’ বাদী হয়ে এই রিট করেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল জানান, সরকার সবার জন্মনিবন্ধন বাধ্যতামূলক করেছে। কিন্তু দেশের সুবিধাবঞ্চিত বৃহৎ জনগোষ্ঠী এখনো জন্মনিবন্ধনের বাইরে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!