ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দুদকের মামলায় সম্রাটের চার্জ শুনানি ১৯ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ২২ আগস্ট ২০২২
দুদকের মামলায় সম্রাটের চার্জ শুনানি ১৯ সেপ্টেম্বর
ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটির চার্জ শুনানি ও জামিন শুনানির জন্য ধার্য ছিল। 

সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সম্রাটকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। চার্জ শুনানি পেছাতে সম্রাটের পক্ষে সময় আবেদন করেন সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী। তবে জামিন শুনানি করেন তিনি। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধীতা করেন।

Advertisement

উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার্জ শুনানির তারিখ ১৯ সেপ্টেম্বর ধার্য করেন। আর জামিনের আদেশের বিষয়টি অপেক্ষমান রাখেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। 

মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। গত ২২ মার্চ সম্রাটের উপস্থিতিতে দুদকের মামলায় আদালত অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে, তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন। অনেক সময় ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন। তিনি অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমণ্ডি, উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন ও বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে তার ১ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। 

ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দুদক সম্রাট
লিংক সফলভাবে কপি হয়েছে!