ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাবরিনার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত
জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেনের বিরুদ্ধে ভুয়া তথ্যসহ ২টি জাতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে করা মামলায় অভিযোগ গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার কেস ডকেট ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম এ আদেশ দেন। এর পাশাপাশি তিনি পরবর্তী পদক্ষেপের জন্য মামলাটি ঢাকার মূখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রিপন উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে তিনি বলেন, ডা. সাবরিনার বিরুদ্ধে ভুয়া তথ্যসহ ২টি জাতীয় পরিচয়পত্র রাখার যে অভিযোগ আনা হয়েছে, তা প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে এবং এ অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত।
২০২০ সালের ৩০ আগস্ট গুলশান থানার নির্বাচন কর্মকর্তা আব্দুল মমিন মিয়া সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, বর্তমান সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুদক বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী। এ মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর জামিন পান সাবরিনা।
তবে গত ১৯ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে পৃথক তিন ধারায় ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত।